রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ধোবাউড়া বিএনপিতে বিভেদ নয়, ঐক্য চান এমরান সালেহ প্রিন্স

নিউজ ডেস্ক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ pm
১৩
ধোবাউড়া বিএনপিতে বিভেদ নয়, ঐক্য চান এমরান সালেহ প্রিন্স

খোকন, ধোবাউড়া ময়মনসিংহ প্রতিনিধি :

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দলের ভেতরে-বাইরে যারাই জনস্বার্থ ও শান্তি-শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। দলের পরিচয় ব্যবহার করে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের সুযোগ কাউকে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘দলের পরিচয় ব্যবহার করে যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়াবে, তাদের স্পষ্টভাবে আসসালামু আলাইকুম জানানো হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কতিপয় ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের জন্য লাখো নেতাকর্মীর হৃদয়ের রক্তক্ষরণ সহ্য করা হবে না।’

শনিবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দের দিনব্যাপী যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধোবাউড়া জেলা পরিষদ ডাকবাংলোর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদারতাকে দুর্বলতা মনে করে যারা অনৈতিক পথে পা বাড়িয়েছেন, তাদের বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে। জননিরাপত্তা ও জনকল্যাণের বিষয়ে তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ এবং এ অবস্থান থেকে তিনি অবিচল ও আপসহীন। এ প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করে—এমন কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের ক্ষমা করা হবে না।

তিনি আরও বলেন, ‘বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের সঙ্গে কেউ যাতে কোনোভাবে সম্পৃক্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিরোধী পক্ষ বিএনপির বিরুদ্ধে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে—এমন কোনো কাজ করা যাবে না।’

বিএনপির রাজনীতি সম্পর্কে তিনি বলেন, বিএনপি জনগণকে দিতে চায়, মানুষের পাশে দাঁড়াতে চায় এবং দেশকে এগিয়ে নিতে চায়। বিএনপির রাজনীতি ভোগের নয়, ত্যাগের; নেওয়ার নয়, দেওয়ার; ব্যক্তিগত স্বার্থের নয়, দেশ ও জনগণের স্বার্থের রাজনীতি। মানুষের পাশে দাঁড়ানো, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং দেশকে এগিয়ে নেওয়ার রাজনীতিকে ধারণ ও অনুসরণ করতে হবে।

তিনি বলেন, তারেক রহমানের অনাড়ম্বর জীবনযাপন, মানবিক রাজনীতি, জনগণের প্রতি দায়বদ্ধতা ও রাষ্ট্র পরিচালনার নীতিগত দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষা নিয়ে তা নিজেদের রাজনৈতিক ও ব্যক্তিগত আচরণে প্রতিফলিত করাই বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এমরান সালেহ প্রিন্স বলেন, ইউনিয়ন পর্যায়ে গ্রহণযোগ্য, জনপ্রিয় ও স্বচ্ছ ব্যক্তিকে প্রার্থী হিসেবে বেছে নিতে কেন্দ্রের নির্দেশনা রয়েছে। ইউনিয়নে একাধিক প্রার্থী রাখা যাবে না। স্থানীয় নেতৃত্বকে সবার সঙ্গে আলোচনা করে একজন প্রার্থীর প্রতি সমর্থন দেওয়ার উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, নির্বাচন পর্যন্ত স্থানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আলোচনার মাধ্যমে কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এ বিষয়ে কেন্দ্রীয় হাইকমান্ডের কঠোর নির্দেশনা ও নজরদারি রয়েছে।

ধোবাউড়া বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ধোবাউড়া বিএনপিতে বিভেদ নয়, ঐক্য চাই; ব্যক্তিকেন্দ্রিকতা নয়, সংগঠন চাই; প্রতিহিংসা নয়, জনসেবা চাই। ঐক্যবদ্ধ বিএনপি, শৃঙ্খলিত বিএনপি, জনবান্ধব বিএনপি—এই লক্ষ্যেই ধোবাউড়া থেকে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জি এম আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, সোলায়মান সরকার, জাকিরুল ইসলাম খোকন, হুমায়ুন কবির, গাজির রহমান, ওয়াহেদ তালুকদারসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

গোয়াতলা স্টিল ব্রিজের কাজ পরিদর্শন

যৌথ সভা শেষে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স তারাকান্দা-ধোবাউড়া সড়কের সম্প্রতি ভেঙে পড়া গোয়াতলা স্টিল ব্রিজের চলমান সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ দেন।

নারী ফুটবলারদের সংবর্ধনা

পরে বিকেলে কলসিন্দুর কলেজ মাঠে ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ধোবাউড়া নারী ফুটবল দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স খেলোয়াড়দের ফুল, ক্রেস্ট ও আর্থিক সহায়তা দিয়ে সংবর্ধিত করেন।

এ সময় তিনি নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের এই সাফল্য ভবিষ্যতে ধোবাউড়ার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!