মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতা মুকুলের পাশে জেলা বিএনপি সভাপতি

ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতা মুকুলের পাশে জেলা বিএনপি সভাপতি
Google পছন্দে যোগ করুন

মো: আরিফুল ইসলাম, কালিগঞ্জ, ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মুকুল। একসময় দলের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করলেও বর্তমানে জীবিকার তাগিদে যশোরে ইজিবাইক চালিয়ে সৎভাবে সংসার চালাচ্ছেন তিনি। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তাঁর জীবনসংগ্রামের খবর প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদের।

খবরটি নজরে আসার পরপরই রেজাউল ইসলাম মুকুলের খোঁজখবর নেন জেলা বিএনপির সভাপতি। তাঁর পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে মুকুলের সন্তানের পড়াশোনার খরচ নির্বাহের জন্য ৩০ হাজার টাকার একটি চেক প্রদান করেন তিনি।

দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা একজন সাবেক ছাত্রদল নেতার দুঃসময়ে দলের শীর্ষ পর্যায়ের নেতার এমন সহযোগিতাকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন অনেকে।

দলের একজন নিবেদিতপ্রাণ সাবেক কর্মীর পাশে দাঁড়িয়ে তাঁর সন্তানের শিক্ষার দায়িত্বে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত রাজনৈতিক অঙ্গনে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দেবে বলে প্রত্যাশা তাঁদের।

Link Copied