মো: আরিফুল ইসলাম ঝিনাইদহ, কালীগঞ্জ।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনে গভীর রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্টেশন মাস্টারের অফিসকক্ষের দরজা লক্ষ্য করে এসব বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় কক্ষের ভেতরে স্টেশন মাস্টারসহ তিনজন কর্মচারী অবস্থান করছিলেন। দরজা বন্ধ থাকায় তাঁরা অক্ষত রয়েছেন। মুখ কাপড়ে বাঁধা কয়েকজন যুবক এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্টেশনকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বারোবাজার রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনি দেবদাস জানান, রাত ৩টার দিকে একটি মালবাহী ট্রেন স্টেশন থেকে ছেড়ে দেওয়ার পর তাঁরা স্টেশন মাস্টারের অফিসকক্ষে অবস্থান করছিলেন। স্টেশনে নিরাপত্তাকর্মী না থাকায় এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় তাঁরা দরজা বন্ধ করে ভেতরে ছিলেন। এ সময় কয়েকজন যুবক অফিসকক্ষের সামনে এসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, দরজার ছিদ্র দিয়ে যতটুকু দেখা গেছে, হামলাকারীদের পরনে গেঞ্জি ছিল এবং মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তবে তারা কোনো স্লোগান দেয়নি। ঘটনার পরপরই বারোবাজার পুলিশ ক্যাম্পে ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ অন্য সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংশ্লিষ্টতার সন্দেহ প্রকাশ করেছেন বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের একজন সাবেক চেয়ারম্যান বারোবাজারের একটি দোকানে বসে হুমকিসূচক ফাঁকা আওয়াজ করে চলে যান। তাঁর ধারণা, ওই সাবেক চেয়ারম্যানের নির্দেশে এ ঘটনা ঘটতে পারে। দিনের বেলায় নাশকতার সুযোগ না পেয়ে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে এ হামলা চালিয়েছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ দীপঙ্কর মন্ডলের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।









