গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দুই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত কয়েদির নাম মো. ফরহাদ (৪১)। তিনি টাঙ্গাইল সদর থানার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কারাগারের হিমেল ভবনের নিচতলার একটি সেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, রাতের বেলা কয়েদিদের গণনা শেষে লকআপ করা হয়। পরে গভীর রাতে সেলের জানালার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ফরহাদকে ঝুলতে দেখেন তার সহবন্দিরা। খবর পেয়ে কারা কর্মকর্তারা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কারা সূত্রে জানা গেছে, টাঙ্গাইল মডেল থানার দুটি হত্যা মামলায় ফরহাদের মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। ২০১৯ সালের ২৬ আগস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়। প্রায় এক বছর ধরে তিনি তীব্র মাথাব্যথা ও দৃষ্টিজনিত বিভ্রমসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কারা হাসপাতালেও একাধিকবার চিকিৎসা নিয়েছেন তিনি।
তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ও সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।









