মোঃ সৌরভ হোসেন,
আমার দেশ পত্রিকায় নিজের নাম ও ছবি ব্যবহার করে সৌদি প্রবাসীর ১৭ লাখ টাকার স্বর্ণ আত্মসাতের অভিযোগে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সম্পাদক সরদার মাসুদুর রহমান (মাসুদ সরদার)।
এক প্রতিবাদলিপিতে তিনি অভিযোগ করেন, তার বক্তব্য ও যথাযথ তথ্য-প্রমাণ যাচাই না করেই সংবাদ ও ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। এতে তার ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা ও রাজনৈতিক পরিচয় ক্ষুণ্ন হয়েছে।
মাসুদ সরদার জানান, আগামী আদর্শনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়ে তিনি প্রবাস থেকে দেশে ফিরেছেন। তার দাবি, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বাধা সৃষ্টি করতে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারে।
তিনি আরও দাবি করেন, সংবাদে যাদের বরাতে অভিযোগ প্রকাশ করা হয়েছে, সেই রাসেল ও রানাকে তিনি চেনেন না। প্রবাসে থাকাকালে তাদের সঙ্গে কখনো সাক্ষাৎও হয়নি। নিজের বক্তব্যের সমর্থনে চারটি ক্যাশ মেমো তার কাছে রয়েছে বলে জানান তিনি। এসব নথি ফেসবুক পোস্ট ও সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসম্মুখে উপস্থাপনের ঘোষণাও দেন।
প্রকাশিত সংবাদের পক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ প্রকাশ, তার বক্তব্য নেওয়া হয়েছিল কি না তা স্পষ্ট করা এবং অভিযোগ প্রমাণিত না হলে সংবাদ ও ফটোকার্ড প্রত্যাহার করে সংশোধনী প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
এ ছাড়া এ ঘটনায় অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণের কথা জানান মাসুদ সরদার।
তিনি সাংবাদিকদের প্রতি উভয় পক্ষের বক্তব্য ও তথ্য-প্রমাণ যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে আদর্শনগরবাসীর প্রতি প্রকৃত ঘটনা যাচাই করে সত্য উদ্ঘাটনে সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য,১৭ লাখ টাকার স্বর্ণ আত্মসাতের অভিযোগ এবং মাসুদ সরদারের প্রতিবাদ দুই পক্ষের বক্তব্য ও সংশ্লিষ্ট নথিপত্র স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।









