টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক অসহায় ব্যক্তির জন্য নির্মিত নতুন ঘর ও একটি ছাগল হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় পৌরসভার বালীগাঁও এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রু হাসান।
আয়োজকরা জানান, বালীগাঁও এলাকার বাসিন্দা মো. হানিফার পুরোনো ঘরটি দীর্ঘদিন ধরে বসবাসের সম্পূর্ণ অনুপযোগী ছিল। সামান্য বৃষ্টিতেই টিনের চাল বেয়ে পানি পড়ত এবং ঘরের মেঝে তলিয়ে যেত। মানবিক দিক বিবেচনা করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁর জন্য বসবাসের উপযোগী একটি নতুন পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়া শারীরিক অক্ষমতার কারণে কাজ করতে না পারা হানিফার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের উদ্দেশ্যে তাঁকে একটি ছাগলও উপহার দেওয়া হয়। ঘর নির্মাণ ও ছাগল উপহারসহ সম্পূর্ণ কর্মসূচিতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. খায়রু হাসান বলেন, "জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক চাহিদা পূরণ করা সরকারের দায়িত্ব। তবে সরকার পরিবর্তন হলেও জনগণের ভাগের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি।"
তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে। এর পাশাপাশি মানবতার কল্যাণে দলের সামাজিক ও মানবিক সব কার্যক্রম অব্যাহত থাকবে।"
উক্ত হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।