সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা মো. মাসুদ (২৭) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ভুক্তভোগীর পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ছাত্র সদরপুর উপজেলার চর রামনগর এলাকার জামিয়া ইসলামীয়া দারুল কোরআন মাদ্রাসার নাজেরা শাখার আবাসিক শিক্ষার্থী। গত ১ অক্টোবর বিকেলে মাদ্রাসা থেকে বাড়িতে গেলে সে তার মায়ের কাছে বিষয়টি জানায়। এ সময় সে মাদ্রাসার ক্বারী মাওলানা মো. মাসুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে।
পরিবারের দাবি, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে ও প্রলোভন দেখিয়ে ওই ছাত্রকে নিজের শয়নকক্ষে নিয়ে বলাৎকার করতেন। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে তাকে শয়নকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় চিৎকার করার চেষ্টা করলে বালিশ দিয়ে তার মুখ চেপে ধরা হয় এবং ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ১ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর স্বজনরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে তাকে আটক করে মাদ্রাসার সামনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে চরভদ্রাসন থানায় খবর দেওয়া হলে এসআই করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল সদরপুর থানার আওতাধীন হওয়ায় গ্রেপ্তার মাওলানা মো. মাসুদকে ১ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সদরপুর থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন সাহ বলেন, ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।