মারুফ হাসান জামালপুর বকশিগঞ্জ:
জামালপুরের বকশীগঞ্জে কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সরকারি তথ্য অনুযায়ী, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন কৃষি সেবা, সরকারি সহায়তা, কৃষি উপকরণ, প্রণোদনা, ঋণ ও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, অতিরিক্ত উপপরিচালক দিলরুবা ইয়াছমিন, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদীয়া আফরিন এবং বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি হাসীবুল হক সঞ্জু, আকতার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দুলাল হোসেনসহ স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ২ হাজার ৭২৬ জন কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হয়।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে প্রকৃত কৃষকদের সরকারি কৃষি সেবা, উপকরণ, প্রণোদনা, ঋণ ও প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধার আওতায় আনা হবে। এতে প্রকৃত কৃষক শনাক্তকরণ এবং তাঁদের কাছে সরকারি সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ হবে।