নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের জাতীয় সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেনী থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এ কর্মসূচি সরাসরি সম্প্রচার করা হয়।
মনোহরদীর সম্প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তুফা, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফোটনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে সরকারি সহায়তা ও কৃষি উপকরণ সহজে পৌঁছে দেওয়ার কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে কৃষি উপকরণ কেনার সহায়তা এবং কৃষি খাতে সরকারি সহায়তা আরও সহজ ও সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর পর্যায়ক্রমে ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাইলট পর্যায়ের প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষক কর্মসূচির আওতায় আসছেন। এর মধ্যে ১ অক্টোবর ১ লাখ ৪৭ জন কৃষক কৃষি উপকরণ কেনার জন্য কৃষকপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাওয়ার কথা রয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ অক্টোবরের জাতীয় কর্মসূচিতে দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকার কথা রয়েছে। পর্যায়ক্রমে চলতি বছরের মধ্যে ৪৩ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে কৃষকদের সরকারি কৃষি সহায়তা আরও সহজে ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।