নরসিংদী (মনোহরদী) প্রতিনিধিঃ
মাউশি,ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমোদন ও ১৪০৭১৪ ইন নম্বর পাওয়ার মাধ্যমে নরসিংদীর মনোহরদীতে নতুন নামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সাবেক খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল এর মাধ্যমিক শাখা। প্রতিষ্ঠানটির নতুন নাম ‘জাকির হোসেন আদর্শ বিদ্যানিকেতন’।
বুধবার(৩০ সেপ্টেম্বর)সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন নামফলক উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির নতুন নামের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। নামফলক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক আহম্মদ।
কটিয়াদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মজিবুর রহমান-এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি শহীদ আসাদ কলেজের সহযোগী অধ্যাপক মঈনুদ্দীন আব্বাসী, উপজেলা একাডেমিক সুপারভাইজার জলিল মিয়া, মনোহরদী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মাসুদ পারভেজ, নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক বাহারুল হক সরকার প্রমূখ।
নতুন নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধা গড়ে তোলা এবং সারাদেশে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।