জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে গাজীপুরে জোরদার হচ্ছে সৌরবিদ্যুৎ কার্যক্রম। এরই অংশ হিসেবে গ্রাহক পর্যায়ে মানসম্মত ও নিরাপদ সোলার সেবা নিশ্চিত করতে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
এ উপলক্ষে রাজেন্দ্রপুরে অবস্থিত সমিতির সদর দপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক অবহিতকরণ সভা। ‘সোলার সিস্টেম স্থাপনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া সংক্রান্ত’ এ সভায় গ্রাহক পর্যায়ে নিরাপদ, সাশ্রয়ী ও দক্ষ সৌরবিদ্যুৎ প্রযুক্তি পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার এম এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিজিএম কারিগরি নজরুল ইসলাম মোল্লা, এজিএম রুবাইদ হোসেন, এজিএম প্রশাসন এ এইচ এম মুহিবিল্লাহসহ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া কাপাসিয়া ও গাজীপুর সদর এলাকার বিভিন্ন সোলার সার্ভিস প্রোভাইডাররা সভায় অংশ নেন।
সভায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির নিয়মাবলি, দায়িত্ব ও সোলার সিস্টেম স্থাপনের বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের নবায়নযোগ্য জ্বালানি নীতি বাস্তবায়নের অংশ হিসেবে যোগ্য ও দক্ষ সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্ত করা হচ্ছে। এর ফলে গ্রাহকরা মানসম্মত ও নির্ভরযোগ্য সেবা পাওয়ার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়বে। একই সঙ্গে জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের চাপ কমাতেও এটি ভূমিকা রাখবে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এই উদ্যোগের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহী গ্রাহকদের জন্য সেবা গ্রহণ আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।