ভূরুঙ্গামারীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা অঙ্কুর কালচারাল সেন্টারে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির উদ্যোগে এ সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে শিক্ষার্থীদের অধ্যবসায়, সময়ের মূল্য, শৃঙ্খলা ও লক্ষ্য নির্ধারণের গুরুত্ব তুলে ধরে মোটিভেশনাল বক্তব্য দেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির প্রতিনিধিরা।
ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা ও জলবায়ু বিশেষজ্ঞ ড. মাহমুদুল ইসলাম সেলিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান বুলবুল, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক ও মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার এবং ভূরুঙ্গামারী থানার এসআই সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুল ইসলাম সেলিম বলেন, জিপিএ-৫ পাওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই চূড়ান্ত সাফল্য নয়। বড় স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা ও কঠোর পরিশ্রম করতে হবে।
সভাপতির বক্তব্যে ফখরুজ্জামান জেট বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ গড়ার সঠিক দিকনির্দেশনা দেওয়া সমাজের দায়িত্ব।
পরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।