ঢাকার যাত্রাবাড়ীর মোমেনবাগে অবস্থিত সালাউদ্দিন আহমেদ খান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যুবদল নেতা ও ৬৫ নম্বর ওয়ার্ডের পরিচিত মুখ মনজুরুল আলম খান রানা। তাঁর সভাপতি নির্বাচিত হওয়ার খবরে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মনজুরুল আলম খান রানা দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এলাকায় তিনি একজন সৎ, বিনয়ী, নিষ্ঠাবান ও কর্মীবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদল এবং পরবর্তীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে মাতুয়াইল ইউনিয়ন ও যাত্রাবাড়ী থানা এলাকার অনেক মেধাবী ও প্রকৃত শিক্ষার্থী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা। মনজুরুল আলম খান রানার পরিবারও দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নের সঙ্গে জড়িত। তাঁর বাবা আলহাজ মাসুদ খান এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সামসুল হক খান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও দাতা সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে আর্থিক সহযোগিতা করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, বাবার মতো মনজুরুল আলম খান রানাও শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তাঁর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণকে তাই ইতিবাচকভাবে দেখছেন সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বর্তমানে ৬৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও মনজুরুল আলম খান রানা ভূমিকা রাখছেন বলে স্থানীয়রা জানান। তাঁর অমায়িক আচরণ, সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক এবং কর্মীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি এলাকায় একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন। সভাপতির দায়িত্ব পাওয়ার পর মনজুরুল আলম খান রানা বলেন, “আমি এই এলাকারই স্থানীয় ছেলে। সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে নিরলস ও নিবেদিতভাবে কাজ করে যেতে চাই। প্রতিষ্ঠানটি যেন শিক্ষার ক্ষেত্রে যাত্রাবাড়ী থানায় একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করতে পারে, সেজন্য যা কিছু করা প্রয়োজন, আমি তা করার সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই তাঁর অন্যতম লক্ষ্য। প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এলাকাবাসীর প্রত্যাশা, নতুন সভাপতি মনজুরুল আলম খান রানা তাঁর পারিবারিক ঐতিহ্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবেন।