শিবচর উপজেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। নদীমাতৃক ও গ্রামীণ জনপদের এই স্কুলটির এমন গৌরবময় ফলাফলে বিদ্যালয় প্রাঙ্গণসহ পুরো এলাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিদ্যালয়টি থেকে মোট ২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২৩ জনই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। কঠোর শৃঙ্খলা, নিয়মিত শ্রেণি মূল্যায়ন এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই এই শতভাগ পাসের মাইলফলক অর্জন সম্ভব হয়েছে।
গত সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফল প্রকাশের পরপরই বিদ্যালয়ের মাঠে জড়ো হওয়া কৃতী শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। একে অপরকে মিষ্টি খাইয়ে তারা এই সাফল্য উদযাপন করে। শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে জানান, আমাদের বিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল অর্জন বিষয়ভিত্তিক শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা ও সবার অক্লান্ত পরিশ্রমের কারণেই আজ আমরা এই সফলতা অর্জন করেছি। আমরা ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) আহসান হাবীব বলেন, আমি দীর্ঘ ১১ বছর যাবত এই বিদ্যালয়ে কর্মরত আছি। আমাদের বিদ্যালয়টি প্রতি বছরই ভালো ফলাফল করে থাকে। আমি বিদ্যালয়টির ভবিষ্যৎ উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যালয় পরিদর্শনে ছুটে যান শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এইচ.এম. ইবনে মিজান। তিনি বলেন, বিদ্যালয়টি নদীমাতৃক এলাকায় অবস্থিত হওয়া সত্ত্বেও শিক্ষক ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় শতভাগ পাসের রেকর্ড করেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে অত্র অঞ্চলের শিক্ষার মান আরও অনেক দূর এগিয়ে যাবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলুল হকও বিদ্যালয়ের এই চমৎকার সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, গ্রামীণ জনপদে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই বিদ্যালয়টি আগামী দিনেও উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের জন্য রোল মডেল হিসেবে কাজ করবে।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা আশা করছেন, সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য আগামী দিনে শিবচরের পুরো শিক্ষাব্যবস্থাকে আরও বেশি গতিশীল করবে।
মোঃ শামীম আহমেদ, শিবচর উপজেলা প্রতিনিধি
০১৭৩৪০৮৪১২২
১২/০৮/২০২৬