মোঃ মোশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ
সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন এবং দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিৎ কুমার চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক জুবেল আহমদ, সুনামগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, সুনামগঞ্জের সহ-সভাপতি প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম এবং সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. জিয়াউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সুনামগঞ্জের সদস্য মো. রাজু আহমেদ।
স্বাগত বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জের সভাপতি ও দুপ্রক সদস্য কানিজ সুলতানা।
এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হাসিনা খানম চৌধুরী, অ্যাডভোকেট হেলেনা আক্তার, মোজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সি, প্রদীপ কুমার পালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৭ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র, ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও ছাতা বিতরণ করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয় পর্যায় থেকেই দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।