মিজানুর রহমান, মিরসরাই (চট্টগ্রাম):
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে র্যালি, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও সাবেক সহকারী শিক্ষক আশুতোষ দাশকে সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম (ভূঁইয়া) আরিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তাঁরা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা দিয়ে ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন শিক্ষার্থীর জীবনে বাবা-মায়ের পর শিক্ষকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল ও বিনয়ী হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, একটি সুন্দর, মানবিক ও আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের ওপরই সবচেয়ে বেশি।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও সাবেক সহকারী শিক্ষক আশুতোষ দাশের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের সম্মানে কেক কাটা এবং লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।