মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগের অভিযানে ৬০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুরে মহানগরের গাছা থানাধীন পূর্বাইল কলেজ গেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল পূর্বাইল কলেজ গেট সংলগ্ন রেলক্রসিংয়ের সামনে অবস্থান নেয়। এ সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে ভ্যানের ভেতর থেকে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ দবিরুল ইসলাম ওরফে রাজিব (৩২), চট্টগ্রাম জেলার সদর উপজেলার বাসিন্দা।
২. মুজান (২১), মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ছয় চাকার কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রধান অভিযুক্ত দবিরুল ইসলাম ওরফে রাজিবের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও সড়ক পরিবহন আইনের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুর মহানগর পুলিশ বলেছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।