পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মোহাম্মদ ইজাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম সগির, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাফিজ উদ্দিন এবং গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বরুন কুমার রায়।
এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। একটি জ্ঞানভিত্তিক, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।
বক্তারা শিক্ষকদের যথাযথ মর্যাদা, অধিকার ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।