হাতিয়া প্রতিনিধি:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার পাশাপাশি শিক্ষাজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
রবিবার কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
কলেজের অধ্যক্ষ মো. একরাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক সভাপতি ও গভর্নিং বডির দাতা সদস্য শামীমা আজিম এবং গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রকৌশলী ফারহান মোহাম্মদ আজিম।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষাজীবনে ভালো ফলাফল ও কৃতিত্বপূর্ণ অর্জনের স্বীকৃতিস্বরূপ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিজ নিজ মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে পরিবার, সমাজ এবং দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান তাঁরা।।
প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং শিক্ষাজীবনের প্রতিটি ধাপকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে কলেজের শিক্ষাথীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।









