নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদী-৪(মনোহরদী-বেলাবো)থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেলে তার হৃদ্যন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর কথা রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুকে ব্যথা অনুভব করার পর গত শনিবার সকালে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করেন। পরীক্ষায় হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।
পরিবারের এক সদস্য জানান, ইতোমধ্যে এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে এনজিওপ্লাস্টির মাধ্যমে হৃদ্যন্ত্রে স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
ওই পরিবারের সদস্য আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।









