মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় সড়কের গর্ত ও জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এতে প্রতিদিন যাত্রী ও চালকদের ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছিল।
এ অবস্থায় জনসাধারণের দুর্ভোগ লাঘব এবং যান চলাচল স্বাভাবিক রাখতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। সড়কের গর্ত ভরাট ও রাস্তা চলাচলের উপযোগী করতে স্থানীয়ভাবে প্রয়োজনীয় কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন ভোগড়া বাইপাস ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তানভীর এবং ট্রাফিক সার্জেন্ট অরবিন্দ।
জানা যায়, মহাসড়কের গুরুত্বপূর্ণ এ অংশে বৃষ্টির কারণে সৃষ্ট গর্ত ও জলাবদ্ধতায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে জিএমপি ট্রাফিক বিভাগের কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন, যাতে সড়ক ব্যবহারকারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
জিএমপি পুলিশের এ মানবিক উদ্যোগ স্থানীয় পথচারী, পরিবহন চালক ও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা পুলিশের এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনদুর্ভোগ কমাতে পুলিশের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের ভোগান্তি কমাতে জিএমপি পুলিশের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।