রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রাণীনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

রাণীনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
ছবি : জেএ টিভি
Google পছন্দে যোগ করুন

নওগাঁর রাণীনগরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টারের উদ্যোগে এবং রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন- এর সহযোগিতায় শনিবার (২১ নভেম্বর) রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই আয়োজনে আগত রোগীদের চোখের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা প্রদানকালে উপস্থিত ছিলেন ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টারের- ডা. জিনাত মারূফা (এমবিবিএস, পিজিটি-চক্ষু, মেডিকেল অফিসার এবং আমানউল্লাহ (আমান), উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: ইব্রাহিম আই কেয়ার তাঁদের তত্ত্বাবধানে রোগীদের চোখের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

ক্যাম্পে ছানি অপারেশনের জন্য উপযুক্ত রোগীদের বাছাই করা হয়। নির্বাচিত রোগীদের বিনামূল্যে বাসযোগে বগুড়ার ছিলিমপুরে অবস্থিত ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টারে নেওয়ার ব্যবস্থা করা হয়। সেখানে চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. ইব্রাহিম খলিলুল্লাহ ছানি অপারেশন করবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, অপারেশনে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ভারতীয় PMMA (Excelens/Catracure) লেন্স সংযোজন করা হবে। তবে কেউ এর চেয়ে উন্নত মানের লেন্স ব্যবহার করতে চাইলে সুলভ মূল্যে তা নেওয়ার সুযোগ রয়েছে।

সকাল থেকেই বৈরী আবহাওয়া থাকলেও চিকিৎসাসেবা নিতে রোগীদের উপস্থিতি ও আগ্রহ ছিল লক্ষণীয়।

চিকিৎসা ক্যাম্প চলাকালে কার্যক্রম পরিদর্শন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

আয়োজক ও সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন' রক্তদাতা সংযোগ, জরুরি মানবিক সহায়তা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। স্থানীয় পর্যায়ে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম মানুষের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link Copied