নরসিংদীর মনোহরদীতে রাজনৈতিক মামলার তদন্তে সন্দেহভাজন আসামি, জিআর পরোয়ানাভুক্ত আসামি ও ১৫১ ধারায় আটকসহ বিভিন্ন অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশার দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মনোহরদী থানার মামলা নং-৫(০১)২৫, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামের রিয়াদ (১৭) ও জিহাদ (১৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দায়ের করা মনোহরদী থানার ০৮ নম্বর মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে চরমান্দালিয়া ইউনিয়নের মাস্টারবাড়ী এলাকার রুহুল আমিন সজীব (৫৮) এবং গোতাশিয়া ইউনিয়নের খুটমোড়া গ্রামের খোকন মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়।
পাশাপাশি জিআর পরোয়ানামূলে আরও দুজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হওয়া মোট ১২ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।









