হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর হাতিয়া উপজেলা কৃষি অফিসে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হাতিয়া উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ফয়জুল বারী তারীফ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি কৃষি প্রণোদনার আওতায় তমরদ্দি ইউনিয়নে খেসারি বীজ বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে তথ্য জানতে এবং বন্যাদুর্গত প্রকৃত কৃষকদের কয়েক জনের তালিকা জমা দিতে গত ১৮ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে ১ নম্বর ওয়ার্ড সভাপতি ফয়েজ আহমদ মুচ্ছার নেতৃত্বে আটজন ওয়ার্ড সভাপতি উপজেলা পরিষদ কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা নুসরাত জাহান কলির কাছে যান।
অভিযোগ করা হয়, সেখানে উপসহকারী কৃষি কর্মকর্তা নুসরাত জাহান কলি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও তথ্য প্রদানে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তিনি ফোন করে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেনকে ডেকে আনেন এবং তিনিও তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে যুবদলের নামধারী সন্ত্রাসী ইসমাইল, আজাদ ও রিয়াজের নেতৃত্বে ৪০-৫০ জন ব্যক্তি কৃষি অফিসে প্রবেশ করে জামায়াতের নেতাকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ এবং এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তাদের জোরপূর্বক অফিস থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় জামায়াতের আটজন নেতাকর্মী এবং তাদের রক্ষা করতে গিয়ে জুলাই যোদ্ধা আতিকুল ইসলাম লিটন আহত হন।
সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন; অভিযুক্ত দুই কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ; উপজেলা যুবদল নেতা ইসমাইল, আজাদ ও রিয়াজসহ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনা; আহতদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে সরকারি দপ্তরে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপদ ও নির্বিঘ্ন সেবা গ্রহণের পরিবেশ নিশ্চিত করা।
বক্তারা বলেন, সরকারি কার্যালয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত প্রভাব বিস্তারের জায়গা হতে পারে না। রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্ব ছাড়াই দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।









