ভূরুঙ্গামারীতে অবস্থিত সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে দুধকুমার নদের ওপর মেয়াদোত্তীর্ণ পুরোনো সেতুর পাশে নতুন একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। কিন্তু জমির মালিকানা নিয়ে রেলওয়ে ও ব্যক্তিমালিকানার বিরোধে দীর্ঘ সাত বছরেও শুরু হয়নি সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থলবন্দরের ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে নির্মিত সোনাহাট রেলসেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে পুরোনো সেতুর দক্ষিণ পাশে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যের সেতু ও সংযোগ সড়কের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণে জটিলতা, নকশা পরিবর্তন, করোনাকালীন স্থবিরতা ও নির্মাণকাজে ধীরগতির কারণে চার দফা মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রকল্প ব্যয় প্রায় ৭ কোটি টাকা বাড়িয়েও কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে পুরোনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ ও যানবাহন।
সর্বশেষ গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে পাথরবোঝাই ট্রাকের ভারে পুরোনো সেতুর পূর্ব প্রান্তের স্টিলের একটি পাটাতন ভেঙে যায়। এতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ছয় একর জমি স্থানীয়রা নিজেদের ব্যক্তিমালিকানাধীন বলে দাবি করছেন। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় দপ্তর ওই জমি রেলওয়ের মালিকানাধীন দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছে। একই জমির মালিকানা ব্যক্তি ও রেলওয়ে উভয় পক্ষ দাবি করায় আটকে গেছে অধিগ্রহণ প্রক্রিয়া। এ নিয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে তিনটি বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ সাত বছরেও শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে জমির কাগজপত্র ও নথি পর্যালোচনায় দেখা যায়, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের গণাইরকুটি মৌজার ৫১২ ও ৫১৩ নম্বর দাগে ১৪১ দশমিক ২৬ শতক এবং ১০০১, ১০০২, ১০০৩ ও ১০০৪ নম্বর দাগে ৪২৯ দশমিক ৯৭ শতকসহ মোট ৫৭১ দশমিক ২৩ শতক জমি রয়েছে। এসব জমির পাঁচটি পক্ষের ৩৮ জন অংশীদার মালিকানা দাবি করছেন। অন্যদিকে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষও জমিগুলোর মালিকানা দাবি করছে।
জমির মালিকানা দাবি করা আব্দুল জলিল, আবেদ আলী, শফিকুল ইসলাম ও জাবেদ আলীসহ অন্যরা জানান, এসব জমি তাঁদের পৈতৃক সম্পত্তি। তিনটি রেকর্ড তাঁদের নামে রয়েছে। অথচ রেলওয়ে জমিগুলো নিজেদের বলে দাবি করছে। তাঁরা বলেন, জমির প্রকৃত মূল্য পরিশোধ না করে বাড়িঘর ভেঙে দেওয়া হলে তাঁরা কোথায় গিয়ে আশ্রয় নেবেন? তাঁদের মাথা গোঁজার ঠাঁইটুকুও থাকবে না।
এ বিষয়ে সেতুর নির্মাণকাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, সেতুর ওপরের অংশ ও পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে পূর্ব প্রান্তের জমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কের কাজ আটকে আছে। জমি বুঝে পেলে ছয় মাসের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।
এ বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
কুড়িগ্রাম সওজের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার জানান, ইতিমধ্যে সোনাহাট সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করা সম্ভব হয়নি। অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অধিগ্রহণ শেষ হলে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করা হবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, জমির মালিকানা নিয়ে রেলওয়ের সঙ্গে জটিলতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রশাসন কাজ করছে।









