প্রধানমন্ত্রীর জন্মদিনে বোদা-দেবীগঞ্জে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ
নিতিশ চন্দ্র বর্মন
পঞ্চগড় প্রতিনিধি: ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় নানা জনকল্যাণমূলক ও মানবিক কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী আয়োজিত এসব উদ্যোগের মাধ্যমে অসচ্ছল নারী ও শিক্ষার্থীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করা এবং আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির লক্ষ্যে ১০০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এ ছাড়া নারীদের মাঝে ৫০০টি শাড়ি উপহার দেওয়া হয়।
পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতে শিক্ষার্থীদের হাতে ৫ হাজার গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার প্রয়াস নেওয়া হয়। আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক, নাট্যকার ও ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক কল্যাণমূলক এ ধরনের উদ্যোগ একটি মানবিক, সমৃদ্ধ ও সবুজ বাংলাদেশ গঠনে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









