মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রত্নাপালং ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবুল ফজল

রত্নাপালং ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবুল ফজল
মাওলানা আবুল ফজলকে প্রার্থী হিসেবে পরিচয় করে দিচ্ছেন অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী
Google পছন্দে যোগ করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দলটির মনোনয়ন পেয়েছেন উখিয়া উপজেলা জামায়াতের আমির ও রাজাপালং এম.ইউ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল।

সম্প্রতি রত্নাপালং ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী এবং কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মাওলানা আবুল ফজলের সততা ও যোগ্যতার প্রশংসা করে বলেন, “মাওলানা আবুল ফজল একজন সৎ, যোগ্য ও আদর্শবান মানুষ। রত্নাপালং ইউনিয়নের জনগণ যদি তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে তিনি একাধারে মসজিদের ইমাম, একজন আদর্শ শিক্ষক এবং এলাকার মানুষের জন্য একজন ন্যায়বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।”

মনোনয়ন পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করে মাওলানা আবুল ফজল বলেন, “ব্যক্তিগতভাবে আমার অতিরিক্ত কোনো চাহিদা নেই। আমার কোনো বিলাসবহুল বা শীতাতপ নিয়ন্ত্রিত (এয়ারকন্ডিশন) বাড়িও নেই। আমি শিক্ষকতা করে হালাল উপার্জনে আমার সংসার চালাই। সুতরাং ইউনিয়ন পরিষদের কোনো অর্থ-সম্পদের প্রতি আমার বিন্দুমাত্র লোভ বা চাওয়া-পাওয়া নেই। আমি কেবল মানুষের সেবা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই নির্বাচনে অংশ নিচ্ছি।”

উল্লেখ্য, মাওলানা আবুল ফজল দীর্ঘদিন ধরে উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন।

Link Copied