শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
শরীয়তপুর প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর জেলা যুবদল। রোববার (১৫ নভেম্বর) জেলা যুবদলের সভাপতি মোঃ জামাল উদ্দিন বিদ্যুতের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শরীয়তপুর ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক, আংগারিয়া বাইপাস ও বাগদী বাজার প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি মোঃ জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশ এবং দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। দেশের বিভিন্ন স্থানে নাশকতা, জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, দেশের পোশাকশিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যারা অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা দেশের ক্ষতি করার ষড়যন্ত্র করছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সব সময় প্রস্তুত রয়েছেন। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ কোনো ধরনের নাশকতা করার সুযোগ না পায়।
তিনি সাধারণ জনগণের উদ্দেশে বলেন, “এই দেশ আপনাদের, এই দেশ আমাদের। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব আমাদের সবার। কোথাও জ্বালাও-পোড়াও কিংবা নাশকতার ঘটনা ঘটলে সবাইকে সচেতন হতে হবে এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে হবে।”
সমাবেশ থেকে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জেলা যুবদলের নেতারা।
এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।









