আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর ডেমরায় দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ঢাকা-৫ আসনের বিএনপির প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবীর নির্দেশনায় মঙ্গলবার (১০ নভেম্বর) ডেমরা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিকের নেতৃত্বে ডেমরা থানার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাবেক নেতা ইকবাল হোসেন মেম্বার, মিলন খন্দকার, ফারুক আহমেদ সাধু, ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন খন্দকার মেম্বার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই, ছাত্রদল নেতা মহাসিন মোহন এবং ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম সকালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ডেমরা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে ছিলেন বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁরা বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
অবস্থান কর্মসূচিতে রফিকুল ইসলাম মানিক বলেন, দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সজাগ রয়েছেন। যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে ডেমরা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষায় বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।