বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নাশকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: সালাউদ্দিন বাবু

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ pm
২৬৯
নাশকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: সালাউদ্দিন বাবু

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কেউ নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় সংসদ সদস্য বলেন, সাভার ও আশুলিয়ার শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো মহল যেন নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকেই বিএনপি সাভার-আশুলিয়ার মাঠে সক্রিয় থাকবে। কেউ নাশকতার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, যারা গোপনে বৈঠক করে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা করছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আইনের আওতায় আনার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম নিয়েও কঠোর অবস্থানের কথা জানান সংসদ সদস্য। তিনি বলেন, সাধারণ মানুষ যেন জমিজমা সংক্রান্ত দলিল নিবন্ধনের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি, ঘুষ কিংবা অনিয়মের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। সাব-রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ অফিসে কোনো ধরনের ঘুষ ও অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় দলিল লেখকদের পেশাগত বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় দলিল লেখকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে আলমগীর হোসেনকে সভাপতি এবং মোতালেব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট সাব-রেজিস্ট্রি দলিল লেখক কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করেন সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লবসহ স্থানীয় নেতাকর্মী, দলিল লেখক সমিতির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!