শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

জনসেবা গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয় জরুরি: উখিয়ার ইউএনও পান্না আক্তার

জনসেবা গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয় জরুরি: উখিয়ার ইউএনও পান্না আক্তার
ইউএনও এর সাথে কক্সবাজার এবং উখিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ
Google পছন্দে যোগ করুন

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানিয়েছেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আস্থা ও সমন্বয় বাড়লে জনসেবা আরও গতিশীল হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উখিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি ও নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় তিনি প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান। এছাড়া সভায় স্থানীয় পর্যটন উন্নয়ন, মাদকাসক্তদের জন্য সরকারি-বেসরকারি উদ্যোগে সাশ্রয়ী নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা, চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশ-নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে ইউএনও জনস্বার্থে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি ও উখিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link Copied