শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অসহায় মা ও নবজাতকের পাশে বি এম হাসপাতাল

মোঃ মিজানুর রহমান
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ pm
১৮
মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অসহায় মা ও নবজাতকের পাশে বি এম হাসপাতাল

মিজানুর রহমান, মিরসরাই (চট্টগ্রাম):

চট্টগ্রামের মিরসরাইয়ে অসহায় এক প্রসূতি নারী ও তার নবজাতকের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বারইয়ারহাট বি এম হাসপাতাল,

গত ৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে পেটে ব্যথা নিয়ে এক নারী বি এম হাসপাতালে আসেন। হাসপাতালে প্রবেশের পরপরই তিনি লিফটের কাছাকাছি শুয়ে পড়েন। বিষয়টি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নজরে এলে তিনি বুঝতে পারেন, ওই নারী প্রসব বেদনায় কাতরাচ্ছেন এবং যেকোনো মুহূর্তে সন্তান প্রসব হতে পারে।

পরে হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মীরা দ্রুত সেখানে কাপড় দিয়ে আড়াল তৈরি করে প্রসবের প্রয়োজনীয় ব্যবস্থা করেন। একপর্যায়ে সেখানেই ওই নারী সন্তান প্রসব করেন।

প্রসবের পর ওই নারীর সঙ্গে কথা বলে তার পরিচয় ও পারিবারিক বিষয়ে জানতে চাইলে তিনি অসংলগ্ন উত্তর দেন। তার সঙ্গে কোনো অভিভাবকও ছিলেন না। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করে। নবজাতকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় শিশুটিকে হাসপাতালের NICU-তে ভর্তি করা হয়।

এদিকে, ওই নারী ও তার সঙ্গে থাকা ৮-৯ বছর বয়সী এক শিশুর খাবারের ব্যবস্থাও করে হাসপাতাল কর্তৃপক্ষ।

পরবর্তীতে গত ৭ অক্টোবর রাত ১১টার পর বিষয়টি জোরারগঞ্জ থানা এবং মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনাকে জানানো হয়। বিষয়টি বিস্তারিত শুনে তিনি সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেন।

এরই মধ্যে নবজাতকের বাবা হাসপাতালে উপস্থিত হন। আজ সকালে সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা বি এম হাসপাতালে এসে হাসপাতাল কর্তৃপক্ষ, নবজাতকের মা-বাবা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। পরে তিনি নবজাতককে দেখতে হাসপাতালের NICU-তে যান।

দায়িত্বরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নবজাতককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বি এম হাসপাতালের NICU অ্যাম্বুলেন্সে করে নবজাতককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

জানা যায়, নবজাতকের বাবার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। চিকিৎসার খরচ বহন করার মতো সামর্থ্য তার নেই। এমন পরিস্থিতিতে বি এম হাসপাতাল কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় ডেলিভারি, হাসপাতালে ভর্তি, ওষুধ, খাবার, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সব ধরনের সেবা বিনামূল্যে প্রদান করেছে।

অসহায় মা ও নবজাতকের সংকটময় সময়ে বি এম হাসপাতাল কর্তৃপক্ষের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!