রবিবার, ২২ নভেম্বর ২০২৬

শিবচরের ইউএনও এইচ এম ইবনে মিজানের বদলি ঘিরে ক্ষোভ, আদেশ পুনর্বিবেচনার দাবি

শিবচরের ইউএনও এইচ এম ইবনে মিজানের বদলি ঘিরে ক্ষোভ, আদেশ পুনর্বিবেচনার দাবি
Google পছন্দে যোগ করুন

শিবচর উপজেলা প্রতিনিধি মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের বদলির আদেশে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের অনেকে। বদলির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবং উদ্বেগ প্রকাশ করে পোস্ট দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের দাবি, বদলির আদেশ পুনর্বিবেচনা করে অন্তত আরও দুই বছর তাকে শিবচরে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হোক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩৬তম বিসিএসের কর্মকর্তা এইচ এম ইবনে মিজান ২০২৫ সালের ২৪ আগস্ট শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের স্বল্প সময়ে উপজেলার উন্নয়ন, জনকল্যাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে স্থানীয়দের কাছে আলোচনায় আসেন তিনি। বিশেষ করে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং উপজেলা পরিষদ এলাকাকে সুন্দরভাবে সাজানোর মতো উদ্যোগের কথা তুলে ধরছেন বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, শিবচরে তার হাত ধরে শুরু হওয়া বেশ কিছু উন্নয়নমূলক কাজ এখনো চলমান ও অসম্পূর্ণ রয়েছে। এই অবস্থায় তার বদলি হলে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।

শিবচরের স্থানীয় বাসিন্দা রিয়াজ রওনক বলেন, ‘এইচ এম ইবনে মিজান একজন জনবান্ধব ইউএনও। যোগদানের পর থেকে তিনি শিবচরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শুরু হওয়া উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে অন্তত আরও দুই বছর শিবচরে প্রয়োজন। তার বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানাই। এটি কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, শিবচরের বৃহত্তর স্বার্থের দাবি।

একই ধরনের মন্তব্য করেন স্থানীয় বাসিন্দা কাওসার হামিদ খান। তিনি বলেন, ‘তিনি একজন মানবিক ও জনবান্ধব ইউএনও। আন্তরিকতার সঙ্গে উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। কাজের ধারাবাহিকতা ধরে রাখতে অন্তত আরও দুই বছর তাকে শিবচরে রাখা জরুরি। এটি বৃহত্তর জনস্বার্থের দাবি।

শিবচর বাজারের ব্যবসায়ী মো. মহিউদ্দিন বলেন, ইউএনও এইচ এম ইবনে মিজান দায়িত্ব নেওয়ার পর থেকে শিবচরের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছেন। তার বদলির আদেশ পুনর্বিবেচনা করা উচিত।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) শিবচর শাখার সভাপতি আবুল খায়ের খান বলেন, ‘শিবচরে দায়িত্ব পালন করা ইউএনওদের মধ্যে তিনি অন্যতম জনবান্ধব কর্মকর্তা। অবৈধ ড্রেজার, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা প্রশংসনীয়। উপজেলা পরিষদ চত্বরকে তিনি সুন্দরভাবে সাজিয়েছেন। এখনো তার বেশ কিছু উন্নয়ন কাজ বাকি রয়েছে। এমন সময়ে বদলির আদেশ স্থানীয়দের জন্য মেনে নেওয়া কষ্টকর এবং এ নিয়ে সর্বমহলে অসন্তোষ রয়েছে।

সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় সংগঠনের কয়েকজন প্রতিনিধিও এ বদলিকে আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। তাদের দাবি, একটি মহলের অপপ্রচার বা চক্রান্তের কারণে হঠাৎ করে এ বদলির আদেশ দেওয়া হয়ে থাকতে পারে। স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার সুসম্পর্কের কথা তুলে ধরে তারা দ্রুত আদেশ পুনর্বিবেচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে ইউএনও এইচ এম ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, ‘বদলির বিষয়টি আমার কাছেও কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। শিবচরের কেউ হয়তো চান না আমি এখানে থাকি। তবে মন্ত্রণালয় থেকে বদলির আদেশ এসেছে, সরকারি কর্মচারী হিসেবে এ বিষয়ে আমার কিছু করার নেই।

তিনি আরও বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে শিবচরের মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের অন্যতম বড় অর্জন। শিবচরের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, শিবচরের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইউএনও এইচ এম ইবনে মিজানের বদলির আদেশ পুনর্বিবেচনা করবে।

Link Copied