পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার লাল পুঁইশাকের বীজ জব্দ
নিতিশ চন্দ্র বর্মন
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট লাল পুঁইশাকের (মোটা ডোগা) বীজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব বীজের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (২১ নভেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লাহেড়ী পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় ধামেরঘাট বিওপির হাবিলদার মো. জহুরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সদর থানার শ্যামেরডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৭৭০/১-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেড়ী পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ প্যাকেট লাল পুঁইশাকের বীজ উদ্ধার করা হয়। এ বিষয়ে নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, “সীমান্তে মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”









