‘আপনার চোখকে ভালোবাসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রথমে হাসপাতাল চত্বর পরে গণমোড়, রেলওয়ে স্টেশন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বিশ্ব দৃষ্টি দিবসের গুরুত্ব ও চোখের যত্ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট (চক্ষু), চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মোয়াজ্জেম হোসেন মিলন, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম ইসতিয়াক আহমেদ (আবির), বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কুমারখালী-খোকসা উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, সংগঠনটির সাধারণ সম্পাদক ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাস, কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর শেখ, কুমারখালী ব্লাড সোল্ডার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইয়া রাফি ইসলাম পলাশ, ফ্যামিলি কেয়ার হাসপাতালের ল্যাব ইনচার্জ মেহেদী হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ, নিয়মিত চক্ষু পরীক্ষা এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।