মোঃ ফরিদ হোসেন, (গাজীপুর) প্রতিনিধি;
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কিশোরীকে অপহরণ ও জোরপূর্বক বিয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা শ্যামলা আক্তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, শ্রীপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা ফাতেমা আক্তার রুবিনা (১৪) স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী। গত ২৮ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার রাতুল নামে এক যুবক তাকে কৌশলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, ঘটনার পর থেকে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কিশোরীর সন্ধান পাননি। পরবর্তীতে জানতে পারেন যে অভিযুক্ত রাতুল কিশোরীকে নিয়ে আত্মগোপনে রয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, কিশোরীকে জোরপূর্বক বিয়ে করার আশঙ্কা রয়েছে এবং এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়ার পরও সন্তোষজনক কোনো সমাধান না পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে কিশোরীকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল বলছে, অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন