মোঃ মোশফিকুর রহমান স্বপন (সুনামগঞ্জ) প্রতিনিধি;
‘আবার কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে’—বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জে দেশজুড়ে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সারা বাংলাদেশের জেলা, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা বিক্ষোভ ও সমাবেশ করেছি।’
তিনি বলেন, ‘আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, এই স্বৈরশাসক সারা দেশকে লুটপাট করেছে এবং অনেক গুম-খুনের মাধ্যমে জনরোষের কারণে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারা আবার কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশের মতো সুনামগঞ্জেও সব উপজেলা ও পৌরসভায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে, যাতে কোনো নৈরাজ্যকারী ও ষড়যন্ত্রকারী কোনো ক্রমেই নৈরাজ্য ও ষড়যন্ত্র বিস্তার করতে না পারে।’
শনিবার দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট আব্দুল হক প্রমুখ।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।