শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকানোর হুঁশিয়ারি
শরীয়তপুরে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
পরে চৌরঙ্গী মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মোঃ জামাল উদ্দিন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম আমান এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. জাকির হোসেন হাওলাদার।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি মোঃ. জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, “দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ছাত্রলীগের ১০-১২ জনের একটি দল শরীয়তপুরের বিভিন্ন এলাকায় মিছিল বের করছে। ভবিষ্যতে এ ধরনের মিছিল কোথাও দেখা গেলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।”
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম মৃধা বলেন, “দেশকে অস্থিতিশীল করার জন্য শহরের বিভিন্ন স্থানে কিছু লোক মিছিল করছে। শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিল বের হলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।”
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম আমান বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিল শরীয়তপুরে করতে দেখা গেলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব।”
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদার বলেন, “এখন থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবে।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।