ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৬৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদ্যঘোষিত সভাপতি ও সাবেক কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনের ম্যানেজার এবং ব্যবসায়িক অংশীদার শাহিনের বিরুদ্ধে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সড়কে বড় ধরনের সহিংসতা, বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৫ আগস্টের পর সাবেক কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন দুবাইয়ে পালিয়ে গেলেও তাঁর ম্যানেজার ও ব্যবসায়িক অংশীদার শাহিনের মাধ্যমে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংগঠিত করার কার্যক্রম চলছে বলে তাঁদের অভিযোগ। তাঁদের দাবি, ডেমরা ঘাটে অবস্থিত বিআইডব্লিউটিএর ভাসমান জেটি, যা এমএইচ মাল্টিন্যাশনাল কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে ছাত্রলীগ ও যুবলীগের বহু নেতাকর্মীর চাকরির ব্যবস্থা করা হয়েছে।
অভিযোগ রয়েছে, সারা বাংলাদেশ থেকে বাছাই করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ডেমরায় নিয়ে আসা হচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজনকে মাহমুদুল হাসান পলিনের বাড়ির আশপাশের বিভিন্ন বাসা ভাড়া নিয়ে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। এসব বাসায় অবস্থান করে তাঁরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা করছেন বলে দাবি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের।
তাঁদের আরও অভিযোগ, ডেমরা থানায় ঝটিকা মিছিলের অর্থায়নসংক্রান্ত একাধিক মামলায় মাহমুদুল হাসান পলিনের নাম থাকলেও তাঁর ম্যানেজার শাহিন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী লীগপন্থী কিছু কর্মকর্তার সহযোগিতায় শাহিন নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, পলিনের ম্যানেজার শাহিনকে অবিলম্বে গ্রেফতার করা না হলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারে। এ কারণে তাঁরা শাহিনকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর ঘোড়াশাল পর্যন্ত বিস্তৃত বিশাল নৌপথের ইজারা কোনো ধরনের দরপত্র ছাড়াই মাহমুদুল হাসান পলিন তাঁর ম্যানেজার শাহিনের মাধ্যমে বাগিয়ে নিয়েছেন। ওই নৌপথ থেকে প্রতিদিন তাঁদের লাখ লাখ টাকা আয় হয় বলে দাবি করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, এই অর্থ দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন করা হচ্ছে।
এদিকে সরেজমিনে ডেমরার সারুলিয়া রানী মহল এলাকায় শাহিনের বাড়ির আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গভীর রাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, এসব লোকজন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ত।
এ ছাড়া বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে অভিযোগ করা হয়েছে, ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে পলিনের ম্যানেজার শাহিনের বাড়িতে ককটেলসহ বিস্ফোরক দ্রব্য মজুত করা হচ্ছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে দ্রুত তদন্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হোক এবং ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক।