নরসিংদী মনোহরদী প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বন্ধুত্ব করতে চাই, কারও প্রভুত্ব মানতে চাই না। আল্লাহর রহমতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীনে গিয়ে চুক্তি করেছেন। আগামী কিছুদিনের মধ্যে তিস্তা ব্যারেজের নির্মাণকাজ শুরু হবে।’
বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,‘আওয়ামী লীগ আমাদের পরনির্ভরশীল রাখার জন্য নতুন কোনো গ্যাসকূপ খনন করেনি। আমরা বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ খনন করব।’
জ্বালানি সংকট নিরসনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিভিন্ন সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুতের ব্যবস্থা করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমরা কারও ওপর নির্ভর করতে চাই না।’
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।