অভিজিত শীল, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয়দের সহায়তায় প্রায় ১৪ কেজি (১৩.৯ কেজি) গাঁজাসহ নজরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুই মাদক ব্যবসায়ী বর্তমানে পলাতক রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে নাচোল-রাজবাড়ী সড়কের সূর্যপুর মোড়ে মার্কেট মালিকের ছেলে রফিকুল ইসলাম এক ব্যক্তির সন্দেহজনক ঘোরাঘুরি দেখে তাকে চ্যালেঞ্জ করেন। পরে তার কাছে গাঁজার উপস্থিতি টের পেয়ে তাকে আটকে রেখে নাচোল থানা-পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৯ কেজি গাঁজাসহ শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের নজরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যান।
পরবর্তীতে থানায় আটক নজরুলের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ওই দিন রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের উপস্থিতিতে একই এলাকার তুলা ব্যবসায়ী আব্দুলের ভাড়া দোকানে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে আরও ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দু’দফায় উদ্ধারকৃত মোট গাঁজার পরিমাণ দাঁড়ায় ১৩.৯ কেজি।
পুলিশ জানায়, তুলার দোকানের আড়ালে মূলত দীর্ঘদিন ধরে একটি চক্র এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এই ব্যবসার সাথে জড়িত স্থানীয় তুলা ব্যবসায়ী আব্দুল (৫২) এবং শিবগঞ্জ থানার অপর এক ব্যক্তি অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের নেতৃত্বে ও দিকনির্দেশনায় নাচোল থানা-পুলিশের ১১ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে। সফলভাবে মাদক উদ্ধার ও আসামী গ্রেফতারে সহায়তার জন্য তিনি স্থানীয় জনগণ ও সাংবাদিকদের ধন্যবাদ জানান।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।