পটুয়াখালীতে অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন—গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের রাজ্জাক প্যাদার ছেলে অটোচালক কাইউম প্যাদা (৫০), একই ইউনিয়নের চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০), তার মেয়ে বিথী রানী (২৩) এবং গোলখালী গাবুয়া গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী ইমরান ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে বাস ও অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজার সংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।