জুলাই সনদ এখনো বাস্তবায়ন না হওয়াকে দেশের মানুষের জন্য বড় আক্ষেপ বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসীর চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান সরকার নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পূরণ করবে—এটাই প্রত্যাশা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত নেতৃবৃন্দ এদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসীর চৌধুরী। তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে। এখনো জুলাই সনদ বাস্তবায়িত না হওয়া দেশের মানুষের জন্য একটি বড় আক্ষেপ।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বর্তমান সরকার নির্বাচনের আগে জনগণের সামনে যে ওয়াদা করেছে, তা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা ধরে রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে মানুষ যে ধরনের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে, সেই প্রত্যাশার বাংলাদেশ নির্মাণে তারা কাজ করবেন।
তিনি বলেন, বৈষম্য, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই একটি সুন্দর ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করা হবে।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মোঃ সিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম, সাধারণ সম্পাদক রাইয়ান ফেরদৌস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান এবং সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।