মোঃ এনামুল হক
গাইবান্ধা জেলা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৪ নং রাজাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে প্রচারণা শুরু করেছেন তরুণ সমাজসেবক মো. রনি মন্ডল। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন তিনি।
রাজাহার ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন রনি মন্ডল। সততা, উদ্যম ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকাবাসীর কাছে পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বলে স্থানীয়রা জানান।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে প্রচারণার পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রনি মন্ডল। তার প্রত্যয়—মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত রাজাহার ইউনিয়ন গড়ে তোলা।
রনি মন্ডল বলেন, “রাজাহার ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য। সুযোগ পেলে এলাকার উন্নয়নের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”
তার প্রচারণাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আলোচনা। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে রাজাহার ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান তরুণ এই সমাজসেবক।