নিজস্ব প্রতিনিধি, গাজীপুর | মোঃ ফরিদ হোসেন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাব, জিএমপি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) আনুষ্ঠানিকভাবে প্যাথলজি ল্যাবটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই প্যাথলজি ল্যাব পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কার্যকর অবদান রাখবে।
অনুষ্ঠান শেষে কমিশনার মহোদয় প্যাথলজি ল্যাব, রেজিস্ট্রেশন কাউন্টার এবং মেডিকেল অফিসার কক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি ল্যাবের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং নিজেও ব্লাড টেস্ট করান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
নতুন এ প্যাথলজি ল্যাবের মাধ্যমে পুলিশ সদস্যরা দ্রুত ও মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।