ফরিদপুরের নগরকান্দার এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণের দায়ে আট যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আলোচিত এ মামলায় ঘটনার শিকার তরুণীকে দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায়ও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ভিডিও ফুটেজ, ফরেনসিক প্রতিবেদন এবং আসামিদের স্বীকারোক্তি ও পরস্পরের বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁদের কারাগারে নেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—শাহীন শেখ (২৬), জয় শেখ (২৫), রহিম মোল্লা (২৫), মনির শেখ (৩০), হৃদয় খা (২৫), ইলিয়াস শিকদার (৪০), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৫)। তাঁরা ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী ও ভূয়ারডাঙ্গী গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নগরকান্দা উপজেলার এক তরুণের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর প্রেমিকের সঙ্গে দেখা করতে ফরিদপুরে আসেন তিনি। প্রেমিকের কথা অনুযায়ী শহরতলির ধলার মোড়ে অপেক্ষা করছিলেন। তবে প্রেমিকের আসতে দেরি হওয়ায় নৌকায় নদী পার হয়ে একাই পালডাঙ্গীর কাশবনে ঘুরতে যান তিনি।
এ সময় কয়েকজন যুবক তাঁকে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। তাঁদের একজন ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ওই তরুণীর প্রেমিকের এক বন্ধু সেখানে গিয়ে তাঁকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। একপর্যায়ে প্রেমিকের সঙ্গে দেখা না করেই দ্রুত সেখান থেকে চলে যান তরুণী। এরপর ঘটনাটি দীর্ঘদিন আড়ালে থেকে যায়।
ঘটনার প্রায় আট মাস পর, ২০২০ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ২৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পুলিশ ভিডিওটি ফরিদপুরের বলে শনাক্ত করে। ওই বছরের ৬ আগস্ট ফরিদপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) শাহীন শেখকে প্রথমে শনাক্ত করে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ছয়জনকে আটক করা হয়। পরবর্তী সময়ে তদন্তে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী তরুণীকে শনাক্ত করতে না পারায় ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আইয়ুব আলী ২০২১ সালের ৩০ জানুয়ারি আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।
রায় সম্পর্কে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীকে পাওয়া যায়নি। পরে পুলিশ দায়িত্বের জায়গা থেকে মামলা করে তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত করে। আসামিরা একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এবং নিজেদের দোষ স্বীকার করেছেন। এ ছাড়া ভিডিওটির ফরেনসিক পরীক্ষায় সেটি আসল বলে প্রমাণিত হয়েছে। ভিডিওতে থাকা আসামিদের পোশাকেরও ফরেনসিক পরীক্ষা করা হয়েছে।