বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ইটভাটার ঘরে মিলল সার, ভূরুঙ্গামারীতে দুই ব্যবসায়ীর জরিমানা

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ am
৩৫
ইটভাটার ঘরে মিলল সার, ভূরুঙ্গামারীতে দুই ব্যবসায়ীর জরিমানা

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তাদের হেফাজত থেকে ৩২ বস্তা ইউরিয়া, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনের মালিকানাধীন মেসার্স খোকন ব্রিক্সের দুটি ঘরে অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার পাওয়া যায়। অবৈধভাবে সার মজুদের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, কুড়ারপাড় বাজারের সার ব্যবসায়ী রফিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স রফিক ট্রেডার্সে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার পাওয়া যায়। এ ঘটনায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার। অভিযানে ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্য, গণমাধ্যমকর্মী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে সার মজুদ করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রির চেষ্টার তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা সার পরবর্তী সময়ে উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে সরকারি মূল্যে সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষকদের কাছে বিক্রি করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!