নরসিংদী মনোহরদী প্রতিনিধি
নেশা, মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর মনোহরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, সমাজ থেকে নেশা, মাদক ও জুয়া দূর করতে হবে। কোথাও মাদক বা জুয়ার সঙ্গে জড়িতদের দেখা গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার পাশাপাশি যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় সভায় বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি গোলাম মোস্তোফা, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।