বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ করালেন ধর্মমন্ত্রী

মো জিহাদ সরকার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ pm
নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ করালেন ধর্মমন্ত্রী
নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের অন্যায়-অত্যাচার, অবিচার ও দুর্নীতি থেকে বিরত থাকার শপথ করিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর সদর বড় মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ শপথ করান।

ধর্মমন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের কথা দিতে হবে, বিএনপির নেতাকর্মীরা কোনো অন্যায়-অত্যাচার, অবিচার ও আওয়ামী লীগের মতো দুর্নীতি করব না। আমরা সৎভাবে জীবনযাপন করব। আমাদের হাত দিয়ে কোনো ভাই যেন কষ্ট না পায়—এই শপথ আমাদের নিয়ে যেতে হবে।’

তিনি বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা এভাবে দোয়া মাহফিলে একসঙ্গে বসা তো দূরের কথা, কথাও বলতে পারেননি। আল্লাহ তাদের একসঙ্গে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

কাজী কায়কোবাদ বলেন, ‘আমরা আজ মিছিল-মিটিংয়ের পরিবর্তে দোয়ার আয়োজন করেছি। আজ আল্লাহর কাছে চাইবো। আল্লাহ চেয়েছেন বলেই আওয়ামী লীগকে সরিয়ে আমাদের ক্ষমতায় এনেছেন।’

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে ধর্মমন্ত্রী বলেন, ‘আল্লাহ আমাকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্ত করে দেশে এনেছেন। আপনাদের দোয়ায় ছয়বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন এবং আল্লাহর মেহেরবানিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রী বানিয়েছেন।’

দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে সময় প্রয়োজন উল্লেখ করে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, একটি শিশুকে মা-বাবা ডাকতে শেখাতেও সময় দিতে হয়। তেমনি দেশকে স্বাভাবিক করতেও কিছুটা সময় লাগবে। বিদ্যুৎ ও গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক করতেও সময় প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

কাজী কায়কোবাদ অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশকে ‘ধ্বংসস্তূপে’ পরিণত করে গেছে। সেই পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য ভালো কিছু উপহার দেবেন। সরকারের বিভিন্ন বিষয় সাধারণ মানুষের কাছে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ধর্মমন্ত্রী।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!