ফরিদপুরের ভাঙ্গা বাজারে মেয়াদোত্তীর্ণ, সরকার কর্তৃক নিষিদ্ধ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচটি মামলায় মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভাঙ্গা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ‘ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারায় পাঁচটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর বিপরীতে মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযানকালে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার ভুমি ভাংগা উপজেলা মোঃসাদরুল আলম সিয়াম এর নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান । অভিযানে ভাঙ্গা থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ ও অননুমোদিত ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।